
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক দলীয় বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে দলীয় প্রাথমিক সদস্যপদসহ গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (৩) হলিদ্রাচালা শাখার সভাপতির পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের জয়ের পর খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে বহিষ্কারের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং অন্যান্য অনৈতিক কার্যকলাপের অভিযোগের কথাই উল্লেখ করেছে উপজেলা বিএনপি।
এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।