
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে পুরোপুরি অবান্তর ও হাস্যকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সুযোগ সৃষ্টি না হলে দেশের অস্তিত্ব সংকটে পড়ত। অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যই আজ বাস্তবে প্রমাণিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে বিমানমন্ত্রী অভিযোগ করেন, ওই সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের অধিকাংশ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। অথচ এসব অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করা হয়েছিল।
দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৎকালীন সরকারের দূরদর্শী পরিকল্পনা ছিল না। নতুন গ্যাসকূপ খননেরও কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেই নীতিহীনতার মাশুল এখন পুরো দেশবাসীকে দিতে হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার ও নিলুফার চৌধুরী মনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।