
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার বিস্তারিত এবং কীভাবে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।