
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিলিমিটার সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহলদল এ অভিযান চালায়। টহলদলের নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার মো. এমদাদুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, কচুছড়িমুখ পাড়া এলাকায় সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে টহলদল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা পাশের পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ সীমান্ত এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।