
দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জন্য কঠিন শর্তে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) থেকে এই অর্থায়ন নেওয়ার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে।
জানা গেছে, ঋণটির সুদের হার প্রায় ৭ শতাংশ হবে, যা অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার তুলনায় বেশি। পাশাপাশি এ ঋণে রেয়াতি সুবিধাও তুলনামূলকভাবে কম থাকবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইএসডিবি ঋণ প্রদানে সম্মতি জানায়। পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন সরকারের ‘অনমনীয় ঋণ-সংক্রান্ত কমিটি’ মঙ্গলবার ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন করে।
ইআরডি সূত্র জানায়, আইএসডিবির লিজ ফাইন্যান্সিং মডেলের আওতায় ঋণটি দেওয়া হবে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক সুদের হার নির্ধারণী সূচক সোফর (Secured Overnight Financing Rate-SOFR)-এর সঙ্গে অতিরিক্ত ১ দশমিক ৬০ শতাংশ স্প্রেড যোগ হবে। বর্তমানে সোফর হার প্রায় ৫ শতাংশ হওয়ায় মোট সুদের হার দাঁড়াবে প্রায় ৬ দশমিক ৬০ শতাংশ।
ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, দেশের সামগ্রিক জ্বালানি সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই সরকার কঠিন শর্তের এই ঋণ নিতে রাজি হয়েছে। সহজ শর্তে বৈদেশিক অর্থায়নের সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসায় এখন বাজারভিত্তিক ও তুলনামূলক ব্যয়বহুল বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই অর্থায়নের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা বৃদ্ধি পেয়ে ৩০ লাখ টনে উন্নীত হবে।