
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে আবারও ফিরিয়ে আনা হয়েছে আগের ১৪ জন উদ্যোক্তা পরিচালককে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া পাঁচজন স্বতন্ত্র পরিচালকও বহাল থাকছেন। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্যাংকটির পরিচালনায় নতুন অধ্যায় শুরু হলো।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় আগের উদ্যোক্তা পরিচালকদের হাতে আবারও পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল, সেসব প্রতিষ্ঠানের অনেক উদ্যোক্তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তারা সক্রিয় থাকায় তাদের পুনরায় পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পরিচালনা পর্ষদে ফিরেছেন বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে ওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় আল আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয় এবং পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, সর্বশেষ এই সিদ্ধান্তে একদিকে উদ্যোক্তা পরিচালকদের মালিকানাগত ভূমিকা পুনর্বহাল হলো, অন্যদিকে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব বহাল থাকায় ব্যাংকটির সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগও অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক