
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৩৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার, ২১ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। সে অনুযায়ী বুধবার, ২২ জুলাই সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামই বহাল থাকবে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের চূড়ান্ত বিক্রয়মূল্যের সঙ্গে নকশাভেদে মজুরি যুক্ত হবে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) বিক্রয়মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না।