
বিদেশে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীদের লেনদেন আরও সহজ করতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি এবং শিক্ষা-সংক্রান্ত অন্যান্য খরচ পরিশোধের জন্য শিক্ষার্থীদের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মগুলোতে বর্তমানে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা থাকায় শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার্থীর নিজের নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড দেওয়া যাবে। কার্ড ব্যবহার করে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ছাড়াও অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত খরচ পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন আলাদাভাবে বিবেচিত হবে। ফলে এ ধরনের অর্থ পরিশোধ প্রচলিত ভ্রমণ কোটা কিংবা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার মধ্যে হিসাব করা হবে না।
তবে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক বিধি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে। এডি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ডের মাধ্যমে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রতিটি লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত ‘পারপাস কোড’ ব্যবহার করে এসব লেনদেনের বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।