
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে তাঁর পাঁচ দিনের কৌশলগত সফর শেষ করেছেন। সফরকালে তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়ন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি এবং ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এডিবির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বলেন, দেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ধাক্কা মোকাবিলার সক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সরকারের নেতৃত্বাধীন আইজিএনডি উদ্যোগ আঞ্চলিক পর্যায়ে যোগাযোগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে।
গত মে মাসে এডিবির সভাপতি মাসাতো কান্দার ঢাকা সফরের ধারাবাহিকতায় সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় প্রতি বছর ১০০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা দেওয়ার একটি রূপরেখা তৈরি করেছে।
সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে এডিবির আগামী পাঁচ বছরের কৌশল নিয়ে আলোচনা করেন ইংমিং ইয়াং। বৈঠকে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে অর্থনীতির বহুমুখীকরণকে গুরুত্ব দেওয়া হয়।
চট্টগ্রামে আইজিএনডি নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি চট্টগ্রামকে বাংলাদেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেন।
ইংমিং ইয়াং বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি ও নগর উন্নয়নে সমন্বিত বিনিয়োগের মাধ্যমে অঞ্চলভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী করা সম্ভব।
সফরকালে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এসব বৈঠকে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা, ডিজিটাল রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে চট্টগ্রামে এডিবির অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ পরিদর্শন করেন ইংমিং ইয়াং। সেখানে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া সফরকালে উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসব মতামত এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে বিবেচনা করা হবে।
পুরো সফরে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংসুয়েং ঝাং তাঁর সঙ্গে ছিলেন।