
ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়। পরে এসব নথি ও হিসাব-নিকাশ বিস্তারিত পর্যালোচনা করে ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।
রবিবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, তাদের একটি বিশেষ দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিলাদি ও নথিপত্র জব্দ করা হয়।
অধিদফতারের দাবি, জব্দ করা নথিপত্র পর্যালোচনা ও হিসাব-নিকাশ শেষে দেখা যায়, ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূসক (ভ্যাট) ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উদঘাটিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের গোয়েন্দা নজরদারি, নথিপত্র যাচাই ও নিবারক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।