
ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের আড়ালে বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন বাণিজ্যিক দলিল ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করেন অধিদফতরের কর্মকর্তারা। পরবর্তীতে এসব নথি এবং প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ বিশদভাবে যাচাই করে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।
রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, তাদের একটি বিশেষ দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক নথি ও দলিল জব্দ করা হয়।
অধিদফতরের তথ্য অনুযায়ী, জব্দ করা কাগজপত্র পর্যালোচনা এবং হিসাব যাচাই শেষে দেখা যায়, ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা মূসক বা ভ্যাট পরিশোধ করেনি। রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলেও দাবি করেছে অধিদফতর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদঘাটিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজস্ব ফাঁকি ঠেকাতে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি, নথিপত্র যাচাই এবং নিবারক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআরের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।