
চট্টগ্রামের খাল ও জলপথকে কেবল পানি নিষ্কাশনের কাজে সীমাবদ্ধ না রেখে পণ্য পরিবহনের পথ হিসেবেও ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা দূর করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জলপথের সম্ভাবনাও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু’তে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতি প্রতিষ্ঠা এবং প্রান্তিক পর্যায়ে সংযোগ নিশ্চিত করা সরকারের বৃহত্তর অর্থনৈতিক নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সরকারের একার পক্ষে সবসময় প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এনজিওগুলোর প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে বিস্তৃত যোগাযোগ রয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের রয়েছে অভিজ্ঞতা, অর্থায়ন এবং বিনিয়োগের সক্ষমতা। এসব উদ্যোগে সরকার সহযোগীর ভূমিকা পালন করে।
নগরীর পানি নিষ্কাশন পরিস্থিতি প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, বর্ষা মৌসুম এলেই চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যা প্রকট হয়ে ওঠে। এ কারণে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি ড্রেনেজ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নেওয়া উদ্যোগটিকে পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পটি যাতে দীর্ঘমেয়াদে কার্যকর থাকে, সে জন্য রক্ষণাবেক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনগণের পক্ষে ইসরাফিল খসরু নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।
সমঝোতা স্মারক সইয়ের সময় নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ুবিষয়ক প্রথম সচিব ইজে ক্রুজেন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এ উদ্যোগে নেদারল্যান্ডস দূতাবাস আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।