
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও জ্বালানি খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। এই লংমার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে। এই লংমার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’
তিনি বলেন, নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে এগোচ্ছে, তাদের সেই পথ বন্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন।’