
দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও এর ওপর শক্তিশালী ভিত্তি তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে সেই ভিত্তি তৈরি করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময়ে সংখ্যার দিক থেকে কিংবা জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে এবং কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডের সমর্থনও করা হয়েছে। এর ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছিল।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা বিচারব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়ে আসছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে দেশের বিচারব্যবস্থা একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে তারা মনে করেন। এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে। এ বিষয়ে সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন ঘটানোর পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে তাদের একটি আত্মার বন্ধন রয়েছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎসবগুলো হাজার বছরের ঐতিহ্যের অংশ। এই ব-দ্বীপের বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের পারস্পরিক আদান-প্রদান, মিথস্ক্রিয়া ও যোগাযোগের মধ্য দিয়েই এমন ঐতিহ্য গড়ে উঠেছে।
এই মেলবন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশের মানুষ ও এনসিপির জন্য আশীর্বাদ কামনা করেন।