
জুলাই ও আগস্ট—এই দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ দেশে এসেছে। এসব মাছ আমদানি করেছে মোট ২২টি প্রতিষ্ঠান।
বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে আমদানি করা ইলিশের মোট মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জুলাই মাসে তিনটি প্রতিষ্ঠান ভারত থেকে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি করে। ওই ইলিশের মূল্য ছিল ৩৫ লাখ ৪৯ হাজার টাকা।
তিনি আরও জানান, আগস্টে ইলিশ আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই মাসে ১৯টি প্রতিষ্ঠান ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করে, যার মূল্য ৬ কোটি ৫৭ লাখ টাকা। ফলে জুলাই ও আগস্ট মিলিয়ে আমদানি করা ইলিশের মোট মূল্য দাঁড়ায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। জুলাইয়ের তুলনায় আগস্টে ইলিশ আমদানির পরিমাণ প্রায় ১১ গুণ বেড়েছে।
ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আসায় বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ এবং যশোরের বিভিন্ন বড় বাজারে মাছটির সরবরাহও বেড়েছে।
যশোরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ভারত থেকে আমদানি করা ইলিশ আলাদাভাবে চিহ্নিত করতে হবে। পাশাপাশি এসব মাছ ভারতীয় ইলিশ হিসেবেই বিক্রি করতে হবে।
তিনি বলেন, “আমরা বাজারগুলোতে পরিদর্শন করব এবং বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে।”