
ক্যাশ বহনের ঝামেলা কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ করতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ রাখা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ার উদ্যোগের অংশ হিসেবে কিউআর কোডে লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, এ ব্যবস্থায় কাউকে আর নগদ টাকা বহনের ঝামেলা পোহাতে হবে না। একই সঙ্গে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।