
সৌরবিদ্যুৎ নিয়ে মানুষের ক্রমবর্ধমান আগ্রহের কারণে আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এটিই প্রথম সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল বসানো হয়েছে। দেশের অন্য কোনো রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের প্যানেল স্থাপন করা হয়েছে বলে তাঁর জানা নেই। যশোরের এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, সৌর প্যানেল স্থাপনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ খাতে সরকার নীতিগত সহায়তাও দিচ্ছে। পাশাপাশি গড়ে উঠছে ক্ষুদ্র উদ্যোক্তা। এই আগ্রহ অব্যাহত থাকলে আগামী গ্রীষ্মের আগেই দেশজুড়ে সৌর প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।
সেচকাজে ব্যবহৃত পাম্পগুলোও ধাপে ধাপে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, এর ফলে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে। একই সঙ্গে কৃষকের উৎপাদন খরচও হ্রাস পাবে।
যশোর জেলা বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে। সবকিছু বিবেচনায় নিলে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে প্যানেল স্থাপনের ব্যয় উঠে আসবে বলে তিনি মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সৌর প্যানেল উদ্বোধনের পর প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।