
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর কর্মসূচিটি ঘিরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ নিশ্চিত করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী টাকা চাইলে তা না দেওয়ার জন্যও সবাইকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে যে, ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। চক্রটির সদস্যরা বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং অন্যান্য মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম নির্ধারিত নিয়ম মেনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচিতে ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দিতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো দাপ্তরিক অ্যাকাউন্ট নেই। এই নাম ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ধরনের প্রতারণার শিকার হওয়া এড়াতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
‘উদ্যোগ’ কর্মসূচির অর্থায়ন
নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’।
কর্মসূচিটির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে বিতরণ করার কথা রয়েছে।
দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাঁদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর অর্থায়ন নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
প্রথম পর্যায়ে আটটি জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল। পরে গত ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্যও আবেদন গ্রহণ শুরু হয়েছে।