
যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। প্রচলিত সরবরাহব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে তুলা সরবরাহের প্রস্তাব দেওয়ায় এ আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান আমেরিবাংলা করপোরেশন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা সংগ্রহের সুযোগ থাকায় প্রচলিত সরবরাহব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে তুলা সরবরাহ করা সম্ভব হচ্ছে। এ কারণে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাছ থেকে তুলা কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আমেরিবাংলা করপোরেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এনভয় গ্রুপ, স্কয়ার ও রোজ গোল্ড করপোরেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ দেখিয়েছে।
আসওয়ার রহমান বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠানে তুলা সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়েছে। দামে প্রতিযোগিতামূলক সুবিধা থাকায় আরও অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে পশ্চিম আফ্রিকার তুলার তুলনায় আমাদের দাম বেশি প্রতিযোগিতামূলক। অল্প সময়ের মধ্যেই ব্রাজিলের তুলার দামের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারব বলে আশা করছি।’
তিনি জানান, আমেরিবাংলা করপোরেশন এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৪০ টন মার্কিন তুলা সরবরাহ করেছে। আগামী বছর থেকে সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে প্রতি মাসে ১ হাজার ৬০০ কনটেইনার বা প্রায় ৩২ হাজার টন তুলা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
দেশে বিতরণব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি তুলা সরবরাহ করছে আমেরিবাংলা করপোরেশন। তবে বিতরণব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে চট্টগ্রাম ও গাজীপুরের টঙ্গীতে দুটি গুদাম স্থাপনের জন্য সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করছে প্রতিষ্ঠানটি।
আসওয়ার রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার আনোয়ারায় যে গুদাম স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে, সেটির জন্যও আমরা অপেক্ষা করছি।’
তিনি আরও জানান, তুলার পাশাপাশি গুদামভিত্তিক বিতরণব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি গম ও সয়াবিন বাংলাদেশের ক্রেতাদের কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমেরিবাংলা করপোরেশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় পরিসরে তুলা সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সহায়তা কাজে লাগিয়ে ব্রাজিলের তুলার সঙ্গে মার্কিন তুলার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
২০২৪ সালের ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত আমেরিবাংলা করপোরেশন ওই বছরের নভেম্বরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
প্রতিষ্ঠানটির দাবি, গত দুই বছরে প্রচলিত ব্যবসায়ীনির্ভর সরবরাহব্যবস্থা এড়িয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি বাংলাদেশের ক্রেতাদের কাছে তুলা বিক্রির ব্যবস্থা করেছে তারা।
এ ছাড়া ‘কটনপোর্ট’ নামের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাসমান নিলামব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় মার্কিন তুলাবাহী চালান চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পৌঁছালে আগে থেকে অনুমোদিত ক্রেতারা নিলামের মাধ্যমে তা কিনতে পারেন।
অন্যান্য উদ্যোগ ও কৌশলগত তুলার মজুতের প্রস্তাব
‘অল আমেরিকান কটন’ উদ্যোগের আওতায় তুলার মান পরীক্ষা ও সনদ দেওয়ার ব্যবস্থা চালু করেছে আমেরিবাংলা করপোরেশন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইসোটোপ পরীক্ষাগার এবং কনটেইনারভিত্তিক তথ্য যাচাই করে তুলার উৎস নিশ্চিত করা হয়।
এ ছাড়া ‘কটনল্যাব’ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে আমেরিবাংলা। এর লক্ষ্য মার্কিন তুলা ব্যবহার করে পোশাক ও বিশেষ কার্যক্ষমতাসম্পন্ন কাপড়ের উৎপাদন বাংলাদেশে স্থানান্তর করা।
দেশের বস্ত্রশিল্পের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক দামে তুলার নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য বাংলাদেশ সরকারকে কৌশলগত তুলার মজুত (স্ট্র্যাটেজিক কটন রিজার্ভ) গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আমেরিবাংলার তথ্য অনুযায়ী, বাংলাদেশ বছরে প্রায় ৪০০ কোটি ডলারের তুলা আমদানি করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আসে ১০ শতাংশেরও কম। দ্বিপক্ষীয় তুলা বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত করতে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার।