
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ হার কার্যকর হওয়ায় চলতি মাসের বেতন থেকেই তারা বর্ধিত ভাতার সুবিধা পাবেন।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা চালু করা হয়েছিল। ২০২৬-২৭ অর্থবছর থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতার পরিমাণ দাঁড়িয়েছে মূল বেতনের ১৫ শতাংশে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই অনুমোদিত হওয়ায় এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই মাসের বেতন-ভাতার সঙ্গে শিক্ষক-কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া পাবেন।
গত বছরের ২১ অক্টোবর এ বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। তখন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধি করা হবে।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে, ন্যূনতম ২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হয়। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত করে মোট ১৫ শতাংশ হারে, ন্যূনতম ২ হাজার টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত বাড়ি ভাতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।