
বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার অন্যতম গন্তব্যে পরিণত করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার ভাষ্য, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো বাংলাদেশকে একটি বৈশ্বিক ‘এডুকেশন হাব’-এ রূপান্তর করা।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসত। এখন এ দেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য, এ দেশকে আন্তর্জাতিক “এডুকেশন হাব”-এ পরিণত করা।’
তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এই জনসম্পদকে দেশের উন্নয়নে কার্যকর শক্তিতে পরিণত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এজন্য উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও একাডেমিক পরিকল্পনায় সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক বৈশিষ্ট্য ও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত। নওগাঁ কৃষিনির্ভর জেলা হওয়ায় ভবিষ্যতে এখানে ‘ফুড টেকনোলজি’সহ কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ-সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।