
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা তৈরি করা। এ জন্য শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ আয়োজনে ‘দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা প্রয়োজন। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় প্রস্তুত করতে পারলে তারা অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।
দেশে ইংরেজি শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষকদেরও ইংরেজিতে দক্ষতা উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও অনেক শিক্ষার্থীর সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে ভাব প্রকাশ এবং পেশাগত যোগাযোগে ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ইংরেজির ব্যবহারিক প্রয়োগ বাড়াতে হবে।
তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান অর্জনে ইংরেজি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তিগত তথ্যের বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হওয়ায় ভাষাগত দুর্বলতা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে হবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা জরুরি।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।