
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। তাদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
রোববার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিষয়ভিত্তিক আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। এর মধ্যে ইংরেজিতে সবচেয়ে বেশি এবং আইসিটিতে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে। তবে ইংরেজি বিষয়ে নির্দিষ্ট কতটি আবেদন পড়েছে, তা তিনি জানাতে পারেননি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে কারিগরি ত্রুটির কারণে আবেদনের সময় বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
গত ৩১ অক্টোবর প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
ফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি ও আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। এ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পুনর্নিরীক্ষণের আবেদনেও এগিয়ে রয়েছে ইংরেজি ও আইসিটি।
এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার থেকে এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী আবেদন করেছেন, তা আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।