
অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও আবার পর্দায় ফিরছেন এম এ জলিল অনন্ত ও আফিয়া নুসরাত বর্ষা। চলতি বছরের শুরুতে নিজেরাই অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন এই তারকা দম্পতি, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তারা।
নায়ক ও প্রযোজক হিসেবে যাত্রার পর থেকেই দেশীয় চলচ্চিত্রে আলাদা এক অবস্থান তৈরি করেন অনন্ত জলিল। নিজের প্রযোজিত সিনেমায় বর্ষাকে নায়িকা করে অল্প সময়েই আলোচনায় আসেন এই জুটি।
নিঃস্বার্থ ভালোবাসা, খোঁজ: দ্য সার্চ, মোস্ট ওয়েলকামসহ বেশ কয়েকটি আলোচিত ও জনপ্রিয় ছবিতে অভিনয় করেন এই তারকা জুটি। একশন স্টার হিসেবে অনন্ত ও গ্ল্যামার গার্ল হিসেবে বর্ষা বেশ সুনামও অর্জন করেছিলেন। তবে মোস্ট ওয়েলকাম ২, দিন: দ্য ডেসহ সাম্প্রতিক সময়ে তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দর্শকের আগ্রহে ভাটা পড়ে।
এরই মধ্যে চলতি বছরের শুরুতে ব্যবসায়িক সংকটের কথা তুলে ধরে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন অনন্ত। তিনি জানান, তার গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে, যার কারণে সিনেমায় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। একই সময় সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন বর্ষাও। ফলে একরকম নিশ্চিত হয়েই গিয়েছিল, এই জুটিকে আর বড় পর্দায় দেখা যাবে না।
কিন্তু সেই ঘোষণার কিছুদিনের মধ্যেই বদলে গেছে পরিস্থিতি। আবারও অভিনয়ে ফিরছেন তারা। পরিচালক মোহাম্মদ ইকবালের ‘কিল হিম-২’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন অনন্ত-বর্ষা, খুব শিগগিরই শুটিংয়ে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন অনন্ত।
তিনি বলেন, ‘২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’
অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েও আবার ফিরে আসার এই সিদ্ধান্তে নতুন করে আলোচনায় এসেছেন অনন্ত-বর্ষা, যা চলচ্চিত্র অঙ্গনেও তৈরি করেছে কৌতূহল।