.jpg)
বাগেরহাটের খানজাহান আলী (র.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে যাওয়া এক প্রাণী অধিকারকর্মীকে নিয়ে নানা ধরনের দাবি ও গুঞ্জন ওঠে, যেখানে তাঁকে আটকে রাখা এবং তাঁর গাড়ি জব্দের অভিযোগও করা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের জন্মস্থান বাগেরহাট নিয়ে হতাশা জানান। তিনি লেখেন, বাগেরহাটের মানুষ আগে এমন ছিল না, একটি অবলা প্রাণীর সঙ্গে এমন ঘটনার পর কষ্টের পাশাপাশি লজ্জাও অনুভব করছেন তিনি।
তমা মির্জা আরও লেখেন, ‘বাগেরহাটের সন্তান হিসেবে আমি আর লজ্জিত হতে চাই না’ এবং ঘটনার সঙ্গে জড়িত বিষয়ে মানবিক আচরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ওই প্রাণী অধিকারকর্মীকে সম্মানজনকভাবে ফিরে আসার সুযোগ দিতে স্থানীয়দের প্রতি অনুরোধ করেন।
তবে ওই কর্মীকে সত্যিই আটকে রাখা হয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত অবস্থান থেকে জানা গেছে, তিনি বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এ পর্যন্ত তাঁর পক্ষ থেকে আটকে রাখা বা গাড়ি জব্দের বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগও করা হয়নি।