
বিশ্ব রাজনীতির গম্ভীর সমীকরণের মাঝেই হঠাৎ ঢুকে পড়ল বলিউডের এক চেনা সংলাপ, আর তাতেই নতুন করে আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রের অনলাইন বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নৌ-শক্তি নিয়ে কড়া মন্তব্য করার পর পাল্টা জবাবটা এসেছে একেবারেই ভিন্ন ঢঙে, সিনেমার ভাষায়।
ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, ইরানের নৌ-ক্ষমতা নাকি আগের তুলনায় দুর্বল। এর কিছুক্ষণ পরই মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট একটি ভিডিও প্রকাশ করে, যেখানে স্পিডবোট, সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য দেখানো হয়। তবে ভিডিওর ভেতরের চেয়েও বেশি আলোচনায় আসে তার ক্যাপশন।
সেখানে ব্যবহার করা হয় ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপ, ‘পিকচার আভি বাকি হ্যায়’। ওম শান্তি ওম-এর এই সংলাপ, যা মূলত শাহরুখ খান-এর মাধ্যমে আইকনিক হয়ে উঠেছিল, এবার যেন কূটনৈতিক বার্তার মোড়কে ফিরে এল। ইঙ্গিতটা পরিষ্কার, ইরানের ভাষায় এখনো পুরো গল্প দেখা বাকি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা রকম প্রতিক্রিয়া। কেউ একে বলছে কূটনীতির নতুন ‘সিনেমাটিক স্টাইল’, আবার কেউ হাস্যরস করে মন্তব্য করছে, ট্রেলারেই এত কিছু হলে পুরো সিনেমা বাকি আছে। রাজনৈতিক উত্তেজনার মাঝেও এই বলিউডি টুইস্ট ঘটনাটিকে দিয়েছে এক ভিন্ন রঙ।