
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি এই বর্বরোচিত অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘৃণ্য অপরাধের কঠোর নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, "একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার। শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এই মুহূর্তে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে একটি স্পষ্ট বার্তা দেবে।"
ঢালিউডের এই শীর্ষ অভিনেতা বিলম্বিত বিচার প্রক্রিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে আরও উল্লেখ করেন, "এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করা। তাই এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয় যে, ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই’।"
অপরাধ স্বীকার ও প্রশাসনের তৎপরতা
সাত বছর বয়সী শিশু রামিসাকে নির্মমভাবে খুনের এই ঘটনায় গোটা দেশে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই এই মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি নিজের অপরাধের কথা মেনে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে শোকার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ নিতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভুক্তভোগী পরিবারটিকে সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী রবিবারের মধ্যে এই স্পর্শকাতর মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে পেশ করা হবে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।