
সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে আয়োজিত বহুল প্রতীক্ষিত কনসার্টটি আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে ভক্তদের জন্য টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ‘ক্রিকেটারস একাডেমি’তে বসবে এই সংগীত আয়োজন। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ এবং ‘লেভেল ফাইভ’।
কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার কারণে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। বিকেল ৫টায় মূল পরিবেশনা শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’
এদিকে ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত (রিফান্ড) নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তারা শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Clam’ প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে। আবেদন যাচাইয়ের পর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, যারা আগে টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারাও চাইলে mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সে সময় আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল করা হয়নি; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সংগীত আয়োজন।