
ভারতে উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে সোচ্চার হওয়া শিক্ষার্থীদের চলমান ‘সিজেপি’ আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি ও অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। শিক্ষার্থীদের এই ন্যায্য প্রতিবাদকে ‘সাহসী ও সঠিক পথ’ হিসেবে অ্যাখ্যা দেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি যেন কোনো রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির হাতিয়ার না হয়ে ওঠে, সে বিষয়েও তিনি কড়া আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি পুরানো ছবি পোস্ট করে চলমান আন্দোলনের সহিংস রূপ নেওয়া নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন সালমান। একই সাথে সংঘাতের মুখে পড়ে যেসব শিক্ষার্থী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত এবং আহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রতিবাদের মূল কারণ প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সালমান এটিকে একটি ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে চিহ্নিত করেন। প্রয়োজনীয় শিক্ষাসংস্কারের দাবিতে সকল শিক্ষার্থীর এক হওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিপদে সন্তানদের পাশে ছায়ার মতো থাকার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
সামাজিক মাধ্যমে সালমান খান লিখেছেন:
‘এই আন্দোলন, এই প্রতিবাদ, এটাই সঠিক পথ।’
শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, শিক্ষার মানোন্নয়নে তরুণ প্রজন্মের এই অনড় প্রতিশ্রুতি একদিন পুরো ভারতবাসীকে গর্বিত করবে।
রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের ফায়দা তোলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে অভিনেতা জোর দিয়ে বলেন, এটি মূলত ‘শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার’ এক একান্ত অভ্যন্তরীণ ও মৌলিক বিষয়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত হবে না শিক্ষার্থীদের এই আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা।
সংকটের সমাধানে সরকারি পদক্ষেপের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে বার্তা শেষ করেন সালমান খান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভারত একদিন বিশ্বমানের শিক্ষা কেন্দ্রে রূপান্তরিত হবে এবং দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষ শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে ভারতে পাড়ি জমাবে।