
টানা বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি দর্শকদের উচ্ছ্বাস। প্রিয় শিল্পীর গান শুনতে রাজধানীর মাদানী অ্যাভিনিউতে জড়ো হওয়া হাজারো শ্রোতাকে মুগ্ধতার আবেশে ভাসিয়ে শুক্রবার রাতে মঞ্চ মাতিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্টে রাত ৮টা ৫২ মিনিটে মঞ্চে ওঠেন আতিফ। এর আগে কনসার্টস্থলে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বৃষ্টির মধ্যেও দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন অনুরাগীরা। আতিফের পরিবেশনার আগে মঞ্চে গান পরিবেশন করে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন আতিফ। ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ ও ‘মাস্ত কালান্দার’-এর মতো গানগুলোতে শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকেরা। বৃষ্টিভেজা পরিবেশে মোবাইল ফোনের আলো ও শ্রোতাদের সম্মিলিত গানে কনসার্টের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
কনসার্টের আগের দিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথাও জানান আতিফ। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানকার মানুষের ভালোবাসা আমাকে বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে।’
বাংলাদেশের খাবারের প্রতিও নিজের পছন্দের কথা জানান এই শিল্পী। খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার বিশেষ পছন্দের বলে উল্লেখ করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সময়ও বাংলাদেশি খাবারের প্রশংসা করেন বলে জানান আতিফ।
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসাও করেন তিনি। রুনা লায়লাকে ‘লেজেন্ড’ হিসেবে উল্লেখ করেন আতিফ। একই সঙ্গে বাংলা গান গাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। তবে বাংলা ভাষার সঠিক উচ্চারণ আয়ত্ত করার পরই এ ভাষায় গান গাইতে চান বলে জানান এই পাকিস্তানি শিল্পী।
বাংলাদেশের মানুষের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে আতিফ বলেন, এ দেশের মানুষকে তিনি নিজের পরিবারের মতো মনে করেন।