
অবশেষে পর্দা উঠল ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জমকালো আয়োজনের। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অব ইউনিটির কাছে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার দিল্লির বাইরে আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মূল অনুষ্ঠান। গত ১৮ জুলাই ৭২তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের তালিকায় বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমা ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও পেয়েছে উল্লেখযোগ্য স্বীকৃতি।
সেরা অভিনেতার পুরস্কার এবার যৌথভাবে পেয়েছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’-এর জন্য মামুট্টি এই সম্মান অর্জন করেন।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। একই সিনেমা জিতে নিয়েছে সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কারও।
আঞ্চলিক চলচ্চিত্রেও এবারের জাতীয় পুরস্কারে ছিল বৈচিত্র্য। সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘চালচিত্র এখন’। সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘শ্রীকান্ত’। তামিল ভাষার সেরা চলচ্চিত্র ‘রায়ান’, অসমিয়ার ‘জুইফুল’, তেলুগুর ‘কমেটি কুর্রোল্লু’, মালয়ালমের ‘ফেমিনিচি ফাতিমা’ এবং কন্নড় ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে ‘মিথিয়া’।
এবার একাধিক পুরস্কার ঘরে তুলেছে বেশ কয়েকটি সিনেমা। ‘আর্টিকেল ৩৭০’ ও ‘অমরন’ পেয়েছে তিনটি করে পুরস্কার। ‘পুষ্পা ২’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘মহারাজা’, ‘ক্যাপ্টেন মিলার’, ‘ব্রহ্মযুগম’, ‘মিথিয়া’ ও ‘কমেটি কুর্রোল্লু’ জিতেছে দুটি করে পুরস্কার।
‘অমরন’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন রাজকুমার পেরিয়াসামি। ‘পুষ্পা ২’-এর জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সুকুমার। ‘ব্রহ্মযুগম’-এর চিত্রগ্রহণের জন্য পুরস্কার পেয়েছেন শাহনাদ জালাল। আর ‘কল্কি ২৮৯৮ এডি’ পেয়েছে সেরা শিল্প নির্দেশনার স্বীকৃতি।