
গত বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের সময়ও সাজপোশাকে ভক্তদের মুগ্ধ করেছিলেন এই অভিনেত্রী।
দেড় বছর পর আবারও বিয়ের সাজে দেখা গেল মেহজাবীনকে। তবে এবার বাস্তবের বিয়ে নয়, কাজের প্রয়োজনে এই সাজে হাজির হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন ‘সাবা’ অভিনেত্রী। ছবিতে সাদা শাড়িতে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে দেখা যায় তাকে। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে সৌন্দর্য।
মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি এবং কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুলে সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারী নেকলেস, হাতে মানানসই চুড়ি ও আংটি সাজটিকে দিয়েছে পূর্ণতা। সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে মেহজাবীনের পুরো লুকেই ফুটে উঠেছে রাজকীয় আবহ।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় নয়। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’
অভিনেত্রীর নতুন এই সাজ দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুসারীরা। অনেকেই মন্তব্য করেছেন, বিয়ের দিনের সাজের চেয়েও এবার মেহজাবীনকে বেশি সুন্দর লাগছে।
একজন লিখেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও।’ আরেকজনের মন্তব্য, ‘বিয়ের সবগুলো গেটআপের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম।’ অন্য একজন লিখেছেন, ‘বিয়ের দিনের চেয়ে আজ বেশি সুন্দর লাগছে।’
এদিকে অভিনয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যাচ্ছে না মেহজাবীনকে। তবে হাতে রয়েছে নতুন সিনেমা। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।