
বিয়ের পর একে একে ক্যারিয়ার ও পরিবারে নতুন অধ্যায় যোগ হয়েছে বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ছবি প্রকাশ করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ ও কিয়ারার হাতের ওপর রাখা রয়েছে উলের বোনা একজোড়া ছোট্ট মোজা। সঙ্গে রয়েছে তাদের এক বছরের কন্যা সারায়াহর ছোট্ট হাত। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় তারকা দম্পতি লিখেছেন, ‘ঈশ্বর আমাদের আরও একবার জীবনের সবথেকে সুন্দর উপহারে আশীর্বাদধন্য করলেন। আমাদের মন এখন শুধু ভালবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠেছে।’
সুখবরটি প্রকাশ্যে আসার পরই বলিউডের সহকর্মী ও বন্ধুদের শুভেচ্ছায় ভরে ওঠে তাদের পোস্টের মন্তব্যঘর। করণ জোহর লিখেছেন, ‘অনেক অনেক ভালবাসা তোমাদের!’ করিনা কাপুর লিখেছেন, ‘আবার মা-বাবা! দারুণ ব্যাপার।’ এ ছাড়া আথিয়া শেঠি, ভূমি পেডনেকার ও ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রাসহ আরও অনেকে তাদের শুভকামনা জানিয়েছেন।
সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের শুরু ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং সেটে। সিনেমাটিতে তাদের রসায়ন দর্শকদেরও প্রশংসা কুড়িয়েছিল। পর্দার সম্পর্ক একসময় বাস্তব জীবনের প্রেমে রূপ নেয়।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে জমকালো আয়োজনে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়।
মজার বিষয়, প্রথম সন্তানের আগমনের খবরও একই কায়দায় জানিয়েছিলেন এই দম্পতি। সেবারও উলের ছোট্ট মোজার ছবি প্রকাশ করে নতুন অতিথি আসার বার্তা দিয়েছিলেন তারা। এবার সেই একই প্রতীকী ছবির মাধ্যমে ফের বাবা-মা হওয়ার খবর জানালেন সিদ্ধার্থ-কিয়ারা।