
মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। তবে এখনো ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব ‘জেলার’-এর আজীবন আয়ের রেকর্ড ছাড়াতে পারেনি ছবিটি।
মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’ এবং লোকেশ কানাগরাজের ‘কুলি’র আজীবন আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘জেলার ২’। একই সঙ্গে ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এটি।
বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির নিট আয় ৩১৭ কোটি ২০ লাখ রুপি। দেশটিতে মোট আয় দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। এর সঙ্গে বিদেশের বাজার থেকে আয় করা ২০৫ কোটি রুপি যোগ করলে মুক্তির প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।
এই আয় দিয়ে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ২০ দিনের সংগ্রহকেও ছাড়িয়ে গেছে সিনেমাটি। ছবিটির আয় এখন পর্যন্ত প্রায় ৫৬০ কোটি রুপি। ফলে ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘জেলার ২’।
২০২৬ সালে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটির আয় ১ হাজার ৮১৩ কোটি রুপি। এরপর রয়েছে ‘জেলার ২’ (৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি), ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ (৫৬০ কোটি রুপি), ‘হনুমান অংশ’ (৪৫১ কোটি রুপি) এবং ‘বর্ডার ২’ (৪৫০ কোটি রুপি)।
সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান প্রযোজিত ‘জেলার ২’-এ আগের সিনেমার চরিত্রে ফিরেছেন রজনীকান্ত, রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক। নতুন করে অভিনয়শিল্পীদের দলে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।
২০২৩ সালের সুপারহিট ‘জেলার’-এর সিকুয়েলটি দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী ব্যবসা করছে। প্রথম সপ্তাহের এই সাফল্যের পর সিনেমাটি শেষ পর্যন্ত কত দূর যেতে পারে, এখন সেদিকেই নজর বাণিজ্য বিশ্লেষকদের।