
জন্মদিনে শিউলি ফুলের সাজে মুগ্ধতা ছড়িয়েছিলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। এবার ফুলের পাশাপাশি উপহার হিসেবে পেয়েছেন ড্রাগন ফলও। ব্যতিক্রমী এই উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে অভিনেত্রী লিখেছেন, ‘শুধু কি ফুল পাঠায়! ফলও পাঠায় এভাবে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রাগন ফলের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। তাঁর এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজন করেন তিনি। পুরো আয়োজন সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল ফুল। নিজের সাজেও শিউলির ছোঁয়া রেখেছিলেন অভিনেত্রী। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন তিনি।
জন্মদিনের আয়োজনে শিউলি ফুল বেছে নেওয়ার কারণও জানিয়েছিলেন পরীমনি। তাঁর ভাষ্য, অক্টোবর মাসের ফুল হিসেবে প্রথমেই তাঁর মাথায় এসেছিল শিউলির নাম। সেই ভাবনা থেকেই পুরো আয়োজন শিউলি ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা করেন তিনি।
পরীমনি জানান, অনেক শিউলি ফুল চেয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। তবে এত ফুল সংগ্রহ করা সহজ ছিল না। একজন চট্টগ্রাম থেকে বিমানে করে তাঁকে শিউলি ফুল পাঠিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী।
জন্মদিনের ফুলেল আয়োজনের পর এবার ড্রাগন ফলের ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন পরীমনি। তাঁর ছোট্ট মন্তব্যে উপহার পাওয়ার আনন্দের পাশাপাশি রয়েছে মজার ইঙ্গিতও। তবে কে তাঁকে ড্রাগন ফল পাঠিয়েছেন, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।