
ময়মনসিংহের ধোবাউড়ায় শেখ হোসেন আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেখ হোসেন আলীর মতবিরোধ ছিল। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানায়, বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান শেখ হোসেন আলী। রাত ৩টার দিকে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে তাঁকে পাশে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভোর ৬টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।