
গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পরই ঢাকার আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে সিএমএম আদালতে যান তিনি।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমনি। অ্যালার্জিজনিত অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এর বিরোধিতা করেন। তার অভিযোগ, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বারবার সময় চাইছেন।
পরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান সময়ের আবেদন নাকচ করে পরীমনির জামিন বাতিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।
বুধবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।
২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন নাসির।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ১৮ মার্চ প্রতিবেদন জমা দেয়। এতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বোট ক্লাবকাণ্ডে দায়ের করা পাল্টাপাল্টি মামলায় পরীমনি ও ব্যবসায়ী নাসির উদ্দিন—দুজনই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।