.jpg)
পাঁচ বছর আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি। জামিনের আবেদন নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আদালতে যান তিনি। তবে আদালতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় বার্তা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘স্বপ্নজাল’ অভিনেত্রী লিখেছেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’।
এদিকে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন, আবার বারবার এমন পরিস্থিতিতে পড়ায় অভিনেত্রীকে নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন অনেকে।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে ওইদিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময়ের আবেদন করলেও আদালত তা গ্রহণ না করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
অভিনয়ে সম্প্রতি পরীমনিকে দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকটা শেষ করেছেন অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন তারেক রহমান।