
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার অন্তর্গত উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগের একটি দল। সেখান থেকেই জ্যোতিকাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নিয়েছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে এনামুল হক নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এ মামলার এজাহারে ২১৬ নম্বর আসামি হিসেবে রয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
মামলার আসামি ১৭ তারকা
এ মামলায় জ্যোতিকা জ্যোতিসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া এবং অভিনেতা জায়েদ খান।
মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।