
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর থেকে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করা। এসব দাবিতে আয়োজিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানান আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, দলটি সত্তাগতভাবেই সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচারের দাবি জানিয়ে আসছে।
তার অভিযোগ, বর্তমানে আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তির বিচার হলেও পুরো সংগঠনের বিচারপ্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে।
জাতীয় ঐক্যের বিষয়ে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে কোন ভিত্তিতে এই ঐক্য গড়ে উঠবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবিতে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে এনসিপি ঐক্যবদ্ধ হতে আগ্রহী।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, সেখানে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশি অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় আগুন দেওয়ার ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এনসিপির এই নেতা।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় অংশ নেন।