
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮টি শিশুর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে বাকি এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
এছাড়া একই সময়ে সারা দেশে ১ হাজার ২১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩৬৩ জনই ঢাকা বিভাগের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৩৭৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ শিশু। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৬ হাজার ৫২৭ জন।