
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা চলমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে। সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩০২ জন। গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত এ ধরনের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে।
পরিসংখ্যানে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
মৃত্যুর হিসাবেও নতুন তথ্য যুক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জন এবং সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।