
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৪১ জন। আর গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
এদিকে গত একদিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৮ জন। একই সময়ে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। আর ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৬৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।