
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখন থেকে হাসপাতালটি ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে পরিচিত হবে।
মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।
নতুন নামকরণের মাধ্যমে হাসপাতালটির সেবার পরিধি ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।