
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮০ জনের হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামের পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। হামের উপসর্গ ও নিশ্চিত হামে মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৫০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।