
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪ জনের শরীরে হাম শনাক্ত অথবা রোগটির উপসর্গ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১৯ হাজার ৫২৭ জন।