
খুলনা বিভাগে হাম ও ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজন এবং খুলনা জেলায় ডেঙ্গুতে দুজন মারা গেছেন। একই সময়ে বিভাগের ১০ জেলায় নতুন করে আরও ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিতে গেছেন। এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়, ৯৫ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩০ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৯৮৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাম-সংশ্লিষ্ট ঘটনায় মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।
এক দিনে হাম ও ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ৩৭৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।