
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগে ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৪১৫ জন রোগী ভর্তি রয়েছেন।
এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।
অন্যদিকে, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।