
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর বাড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সরকার। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১২ ফেব্রুয়ারির ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত আদৌ পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।
অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনী পর্যবেক্ষণে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন।
যেসব পর্যবেক্ষক দল অংশগ্রহণ নিশ্চিত করেছে, তাদের মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। এসব পর্যবেক্ষক দলের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের সংস্থার প্রতিনিধিরা থাকবেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানিয়েছেন, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের অনেকেই এখনও প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।’
ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস বা এএনএফআরইএল-এর ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই-এর সাতজন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট বা এনডিআই-এর একজন প্রতিনিধি।
এ ছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন।
এই নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী সংসদের ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদের আওতায় নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণসংক্রান্ত প্রস্তাবেও গণভোট অনুষ্ঠিত হবে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষকের মোট সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।