
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করে বলেছেন, চুক্তি অনুযায়ী ভারত রাশিয়ার তেল কেনা কমাবে। এই বিনিময়ে যুক্তরাষ্ট্র ভারতের উপর প্রযোজ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাচ্ছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এখনো রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে তেল না কেনার বিষয়ে কোনো তথ্য জানায়নি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ তথ্য জানান।
পেসকোভ বলেন, “আমরা নয়াদিল্লির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। আমরা ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্মান করি। কিন্তু রাশিয়া ও ভারতের কৌশলগত সম্পর্কের গুরুত্বও কম নয়। এটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই।”
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করেন। তিনি দাবি করেন, নয়াদিল্লি রাশিয়ার তেলের বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল কিনতে সম্মত হয়েছে।